
আরামবাগ, ৯ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আদর্শ আচরণবিধি কার্যকর করতে তৎপর হয়েছে আরামবাগ পুলিশ প্রশাসন। সাধারণ ভোটারদের সচেতন করতে শহর ও গ্রামীণ এলাকায় মাইকিং করে প্রচার চালানো হচ্ছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী প্রচারে নির্ধারিত সময়সীমা মেনে চলা, অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করা এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা থেকে বিরত থাকার বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি নগদ অর্থ বা উপহার সামগ্রী বিতরণের মতো বেআইনি কার্যকলাপ রুখতে বাড়ানো হয়েছে নজরদারি।
আরামবাগ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে এবং সংবেদনশীল এলাকাগুলিতে রাখা হচ্ছে বিশেষ নজর। মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে জানানো হচ্ছে, কোনও সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের সচেতনতা প্রচার ভোটের আগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক এবং ভোটারদের আস্থা বাড়ায়।
পুলিশ প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করলে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই তৎপরতা আগামী দিনেও জারি থাকবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA