
হুগলি, ৯ এপ্রিল (হি.স.) :বিধানসভা নির্বাচনের আবহে খাদ্যাভ্যাসকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। “বিজেপি ক্ষমতায় এলে বাঙালিকে মাছ-মাংস খেতে দেবে না”। এই অভিযোগের প্রতিবাদে সরব হলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে শ্রীরামপুরের একটি মাছের বাজারে গিয়ে সরাসরি প্রতিবাদ জানান তিনি। সাধারণ ক্রেতার মতোই মাছের দোকানে দাঁড়িয়ে দরদাম করে মাছ কিনতে দেখা যায় তাঁকে। এই কর্মসূচির মাধ্যমে তিনি বোঝাতে চান, বিজেপি বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করতে চায় না।
ভাস্কর ভট্টাচার্যের দাবি, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। তাঁর কথায়, “আমাদের দল কখনও কাউকে মাছ-মাংস খেতে নিষেধ করেনি। বিজেপি ক্ষমতায় এলে মানুষ আরও স্বাচ্ছন্দ্যে নিজের পছন্দের খাবার খেতে পারবে।”
এদিন বাজারে গিয়ে তিনি স্থানীয় নিকাশি ব্যবস্থার সমস্যাও তুলে ধরেন। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে এলাকার পরিকাঠামোগত দুরবস্থার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কটাক্ষ করে দাবি করেছে, ভোটের আগে এ ধরনের ‘মৎস্যপ্রেম’ আসলে রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয়।রাজনৈতিক মহলের মতে, বাংলার সংস্কৃতিতে খাদ্যাভ্যাস, বিশেষ করে মাছ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই নির্বাচনকে সামনে রেখে এই ইস্যুকে ঘিরে প্রচার ও পাল্টা প্রচার ক্রমেই গুরুত্ব পাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA