
চণ্ডীগড়, ১ মে (হি.স.): আবহাওয়ার পরিবর্তনের জেরে অমৃতসরের ভারত-পাকিস্তান অটারি সীমান্তে প্রতিদিন অনুষ্ঠিত রিট্রিট সেরিমনির সময়সূচিতে পরিবর্তন আনল বিএসএফ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রিট্রিট সেরিমনি শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আগে এই অনুষ্ঠান শুরু হত বিকেল ৫টা ৩০ মিনিটে এবং শেষ হত সন্ধ্যা ৬টায়। কর্তৃপক্ষের দাবি, দর্শকদের আরও ভালো অভিজ্ঞতা প্রদান এবং নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি ১ মে, শুক্রবার থেকে কার্যকর হয়েছে।
প্রসঙ্গত, অমৃতসরের অটারি-ওয়াঘা সীমান্তে প্রতিদিন অনুষ্ঠিত ‘রিট্রিট সেরিমনি’ বা বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানটি ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ কুচকাওয়াজের মাধ্যমে পরিচালিত হয়।
১৯৫৯ সাল থেকে চালু হওয়া এই অনুষ্ঠানটি দেশপ্রেম, সামরিক শৃঙ্খলা এবং সীমান্তের প্রতীকী গুরুত্ব তুলে ধরে। প্রতিদিন সন্ধ্যায় জাতীয় পতাকা অবনমনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং এটি পর্যটকদের কাছে একটি বড় আকর্ষণ হিসেবেও পরিচিত। সূর্যাস্তের সময় অনুযায়ী এই অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করা হয়ে থাকে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য