
জব্বলপুর, ১ মে (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুরের বরগী বাঁধে একটি প্রমোদতরী ডুবে যাওয়ার ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত নয়টি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, এখনও ৯ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, তাঁদের খোঁজ চলছে।
মৃতদের মধ্যে আটজনকে শনাক্ত করা গেছে। তাঁরা হলেন, নীতু সোনি, সৌভাগ্যম আলগান, মধুর মৈসি, কাকুলাঝি, রেশমা সৈয়দ, শামীম নকভি, মেরিনা মৈসি এবং বছর চারেকের শিশু ত্রিশান মৈসি। বরগীর সিটি সিএসপি অঞ্জুল মিশ্র জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীও উদ্ধারকাজে নিযুক্ত রয়েছে। প্রমোদতরীতে ছিলেন ৪৫ জন যাত্রী।
উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বরগী বাঁধে সফর করছিলেন পর্যটকরা। আচমকাই ঝড় ওঠে, প্রমোদতরীটি নিয়ন্ত্রণ হারায়, এক পলকেই তা বিপর্যয়ে পরিণত হয়। উল্টে যায় পর্যটক বোঝাই প্রমোদতরীটি। প্রথমে জানা যায়, নদীতে ডুবে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৪ জনের। শুক্রবার সকালে জানা গেছে, সেই সংখ্যা বেড়ে হয়েছে ৭| এদিনই আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়|
মধ্যপ্রদেশের মন্ত্রী রাকেশ সিং শুক্রবার বলেন, উদ্ধার অভিযান শেষ হলেই বোঝা যাবে, লাইফ জ্যাকেট পরা থাকা সত্ত্বেও কেন লোকজনকে বাঁচানো গেল না। বিজেপি সাংসদ আশিস দুবে শুক্রবার বলেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গতকাল এখানে যা ঘটেছে তা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। গতকাল রাত থেকে উদ্ধার অভিযান চলছে এবং তা সারারাত অব্যাহত ছিল। আজ সকাল থেকে এনডিআরএফ-ও এসে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান এখনও চলছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ