
দক্ষিণ ২৪ পরগনা, ১ মে (হি.স.): ভোট মিটতেই ফের শিরোনামে ভাঙড়| দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে রাতের অন্ধকারে এক তৃণমূল কর্মীর দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার নলমুড়ি এলাকায়। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক বলেন, আমি তৃণমূল করি। সে কারণেই আইএসএফের লোকজন রাতের অন্ধকারে আমার দোকানে আগুন লাগিয়ে দেয়। অভিযোগ অস্বীকার করে স্থানীয় আইএসএফ নেতৃত্ব জানায়, এই ঘটনার সঙ্গে আইএসএফের কোনও সম্পর্ক নেই।
এদিকে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতার বঙ্গনগর ২ পঞ্চায়েতের হাশিমনগরে বিজেপি সমর্থক হওয়ায় ১০৭ ও ১০৯ নম্বর বুথ এলাকার কয়েকজন বাসিন্দাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে শুক্রবার জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতের ১৬৬ নম্বর বুথের মঠবাড়ি এলাকায় ভোটের দিন এজেন্ট বসানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। দু'তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ