
কলকাতা, ১ মে (হি.স.): কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোটগণনা কেন্দ্রের স্ট্রংরুমে চার ঘণ্টা ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে শুভেন্দু দাবি করেছেন, মাননীয়াকে কোনোরকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে।
শুক্রবার সমাজ মাধ্যমে একটি পোস্টে শুভেন্দু লিখেছেন, ভবানীপুর নির্বাচনী এলাকা সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসী ভোটার ভদ্রমণ্ডলী কে আশ্বস্ত করতে চাই যে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী, মাননীয়া কে কোনোরকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে।
উনি যতোই চেষ্টা চালান না কেন, কোনো রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেন নি।
উনি যতক্ষণ স্ট্রং রুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওনাকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন যাতে উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন...
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে প্রায় চার ঘণ্টা শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রের স্ট্রংরুমে ছিলেন মমতা। বাইরে বেরিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন পুলিশের ভূমিকায়। জানান, রাজ্য পুলিশ নিজেদের দায়িত্ব পালন করতে না পারলে সেটা তাঁদের দোষ। পুলিশ এখন আর তাঁর হাতে নেই।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ