
হুগলি, ১ মে (হি.স.): হুগলির গোঘাটের রঘুবাটি মোড় এলাকায় শুক্রবার এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি ডাম্পার রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় আরামবাগের দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার জেরে চারচাকা গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গুরুতরভাবে আহত হন গাড়ির চালক। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। আহত চালককে উদ্ধার করে দ্রুত কামারপুকুর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গতি অথবা অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।
এই ঘটনায় এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA