
হুগলি, ১ মে (হি.স.): গোঘাটে ঝড়-বৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা| বৃহস্পতিবার রাতে হওয়া প্রবল ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এলাকার কৃষকরা। বিশেষ করে বৈশাখ মাসে যখন বোরো ধান কাটার মরসুম, ঠিক সেই সময়ই প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়েছে মাঠের ফসল।
স্থানীয় সূত্রে জানা যায়, গোঘাটের বেঙ্গাই, মদিনা, কুমারগঞ্জ-সহ একাধিক এলাকায় ধানের জমিতে জল জমে গেছে। অনেক জায়গায় ইতিমধ্যেই কাটা ধান জলের তলায় ডুবে রয়েছে, ফলে তা পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে, যেসব ধান এখনও কাটা হয়নি, সেগুলোর অনেকটাই ঝড়ের দাপটে মাটির সঙ্গে লুটিয়ে পড়েছে।
কৃষকদের অভিযোগ, বছরভর পরিশ্রম করে চাষ করা ফসল এভাবে নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন, এখন সেই ঋণ শোধ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এক কৃষক জানান, “আর কয়েকদিন পরেই ধান ঘরে তোলার কথা ছিল। কিন্তু হঠাৎ এই ঝড়-বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। এখন কীভাবে সংসার চলবে, সেটাই বড় প্রশ্ন।”
এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। কৃষকরা দ্রুত ক্ষতিপূরণ এবং সহায়তার দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA