
সুরেন্দ্রনগর, ১৪ মে (হি.স.): গুজরাটের সুরেন্দ্রনগরে ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে গেল যাত্রীবোঝাই একটি বাসে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতে গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে বাসে আগুন ধরে গেলে চারজন যাত্রী পুড়ে মারা যান এবং আরও ১০ জন অগ্নিদগ্ধ হন।
সংঘর্ষের পরই বাসটিতে আগুন ধরে যায়। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় বাসের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। কিন্তু, ততক্ষণে ৪ জন আগুনে দগ্ধ হয়ে মারা যান। ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত বাসে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এসএস ভাদোরিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাত আড়াইটা নাগাদ ছোটিলা-রাজকোট জাতীয় মহাসড়কের সাঙ্গানি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি লাক্সারি বাস আহমেদাবাদ থেকে রাজকোটের দিকে যাচ্ছিল, সেই বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। পুলিশের মতে, ট্যাঙ্কারটির টায়ার ফেটে যাওয়ায় যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারটির মধ্যে সংঘর্ষ হয়। ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি পেছন থেকে ট্যাঙ্কারটিকে ধাক্কা দেয়। এই সংঘর্ষের ফলে সঙ্গে সঙ্গে স্ফুলিঙ্গ ও আগুন ধরে যায়। ট্যাঙ্কারটি কী বহন করছিল তা এখনও জানা যায়নি। কিন্তু সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ধরে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ