
চণ্ডীগড়, ১৫ মে (হি.স.): পঞ্জাবের লুধিয়ানার হালওয়ারা বিমানবন্দরে শুক্রবার সকালে অবতরণ করল এয়ার ইন্ডিয়ার প্রথম বাণিজ্যিক উড়ান। দিল্লি থেকে আসা এই বিমানই হালওয়ারা বিমানবন্দরে নামা প্রথম বাণিজ্যিক উড়ান হিসেবে ইতিহাস গড়ল।
এদিন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু বিজেপির কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে এই উদ্বোধনী উড়ানে যাত্রা করেন। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে জলন্ধর সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনলাইনের মাধ্যমে হালওয়ারা বিমানবন্দরের টার্মিনাল ভবনের উদ্বোধন করেছিলেন।
বিমান অবতরণের পর রবনীত সিং বিট্টু জানান, এয়ার ইন্ডিয়া সফলভাবে দিল্লি-হালওয়ারা এবং হালওয়ারা-দিল্লি রুটে প্রথম উড়ান সম্পন্ন করেছে। তিনি বলেন, “৩০ বছরের অপেক্ষার অবসান হল। এই পরিষেবা পঞ্জাবের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক বৃদ্ধিতে নতুন গতি আনবে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে দিল্লি ও হালওয়ারার মধ্যে প্রতিদিন দু’টি উড়ান চলবে—একটি সকালে এবং অন্যটি দুপুরে। এর ফলে যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা ও রফতানিতেও বড় সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
এই উড়ানে রাজ্যসভার সাংসদ বিক্রমজিৎ সাহনি ও রাজিন্দর গুপ্তও উপস্থিত ছিলেন। সম্প্রতি তাঁরা আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির রাজ্য ইউনিটের মুখপাত্র প্রীতপাল সিং বালিয়াওয়ালও ওই বিমানে ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য