
কার্শিয়াং, ১৫ মে ( হি. স.) : কার্শিয়াংয়ের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্কুলের শিক্ষকদের একটি পরিত্যক্ত আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার আচমকাই ওই আবাসনটিতে আগুন লেগে যায়। পরিত্যক্ত হওয়ায় বর্তমানে সেখানে কেউ বসবাস করতেন না, যার ফলে বড়সড় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনের লেলিহান শিখায় আবাসনটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন হঠাৎই ওই আবাসন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরিত্যক্ত ওই বাড়িতে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তা তদন্তের পরেই স্পষ্ট হবে। স্কুল চত্বরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
হিন্দুস্থান সমাচার / সোনালি