
শ্রীভূমি (অসম) ১৫ মে (হি.স.) : অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শ্রীভূমি শহরের একাধিক এলাকা। শহরের বিভিন্ন রাস্তাঘাট ও নিম্নাঞ্চলে জমে থাকা জলের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এরই মাঝে শুক্রবার সকালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির।
জানা গেছে, জল জমে থাকা একটি এলাকার বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে আসতেই ওই ব্যক্তি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে শ্রীভূমি সদর পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহটি নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। বর্তমানে মৃতদেহটি শ্রীভূমি সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, অজ্ঞাত পরিচয় মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে সদর পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটবর্তী থানায় অথবা শ্রীভূমি সদর পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে। ঘটনার পর শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস