
শ্রীভূমি, (অসম) ১৫ মে (হি.স.) : অবিরাম বর্ষণে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে শ্রীভূমি শহর। এক রাতের টানা বৃষ্টিতেই সীমান্ত শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন। শহরের একাধিক প্রধান সড়কে হাঁটু থেকে কোমর সমান জল জমে যাওয়ায় কার্যত বন্ধ হয়ে গেছে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
শুক্রবার সকালে সদর থানার সামনে মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। প্রবল জলাবদ্ধতার মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে জলে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রবল বর্ষণের জেরে শহরের বহু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান জলের তলায় চলে গেছে। রামকৃষ্ণ মিশন সহ একাধিক সরকারি কার্যালয়ে ঢুকে পড়েছে বন্যার জল। শহরের ব্রজেন্দ্র রোড এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার মধ্যে আটকে পড়া বহু মানুষকে উদ্ধারে নামানো হয়েছে এসডিআরএফ বাহিনী। উদ্ধারকারী দল নৌকার সাহায্যে দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।
এদিকে শহরবাসীর ক্ষোভ, করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা হলেও বদলায়নি শহরের দুর্ভোগ। প্রতি বর্ষাতেই সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থাকেই এর জন্য দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা।
পরিস্থিতির অবনতি হওয়ায় জেলার একাধিক বিদ্যালয়েও প্রভাব পড়েছে। অবিরাম বৃষ্টি, চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং একাধিক স্কুল প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও কল্যাণের স্বার্থে ক্ষতিগ্রস্ত স্কুলগুলিতে শুক্রবার শিক্ষার্থীদের উপস্থিত থাকার প্রয়োজন নেই বলে জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শক নিলম জ্যোতি দাস।
অন্যদিকে, জলমগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের খোঁজখবর নিতে দেখা গেছে নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ-কে। দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি ।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস