ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষা ভবনে এসএফআই-এর ডেপুটেশন
আগরতলা, ১৫ মে (হি.স.): রাজধানীর অন্যতম স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরে জনৈকা ছাত্রীকে বিদ্যালয়েরই শিক্ষক কর্তৃক নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। ঘটনার সুষ্ঠু তদ
শিক্ষা ভবনে ডেপুটেশন


আগরতলা, ১৫ মে (হি.স.): রাজধানীর অন্যতম স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরে জনৈকা ছাত্রীকে বিদ্যালয়েরই শিক্ষক কর্তৃক নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার শিক্ষা ভবনে উচ্চ শিক্ষা দফতরের যুগ্ম অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে সংগঠনের প্রতিনিধি দল।

এসএফআই-এর পক্ষ থেকে জানানো হয়, বিদ্যালয়ের জনৈকা ছাত্রীর উপর শিক্ষকের এই ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও মানসিক বিকাশ নিশ্চিত হওয়ার কথা, সেখানে এ ধরনের অভিযোগ গোটা শিক্ষা ব্যবস্থার ওপর প্রশ্নচিহ্ন তৈরি করেছে। সংগঠনের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

ডেপুটেশন প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন দেব বলেন, ২০১৮ সালের পর থেকে রাজ্যের সরকারি ও বেসরকারি উভয় শিক্ষা ব্যবস্থার মান ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। একের পর এক উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনার খবর সামনে আসছে, যা রাজ্যের অভিভাবক সমাজ এবং ছাত্রসমাজকে গভীরভাবে চিন্তিত করে তুলেছে।

তিনি বলেন, ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের ঘটনাটি বিচ্ছিন্ন নয়। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি। অভিযুক্ত শিক্ষককে দ্রুত বিচার ব্যবস্থার আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনও শিক্ষক বা কর্মী এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়।

সৃজন দেব আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তা দূর করতে কেবল প্রশাসনের পদক্ষেপই যথেষ্ট নয়। অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী এবং সমাজের সব অংশকে একযোগে এগিয়ে আসতে হবে। নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সকলের সচেতন ভূমিকা প্রয়োজন।

এসএফআই-এর এই ডেপুটেশনকে কেন্দ্র করে শিক্ষা মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande