
আগরতলা, ১৫ মে (হি.স.) : প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারি এসকর্ট ব্যবহার বন্ধ করলেন ত্রিপুরার প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। জ্বালানির অপচয় রোধ এবং পেট্রোল-ডিজেলের সাশ্রয়ের লক্ষ্যে তিনি এখন থেকে মাত্র একটি গাড়ি ব্যবহার করে সচিবালয়ে যাতায়াত করছেন। শুক্রবার তাঁকে কোনও এসকর্ট ছাড়াই একটিমাত্র গাড়িতে সচিবালয়ে যেতে দেখা যায়।
দক্ষিণ এশিয়ায় বর্তমান অস্থির পরিস্থিতি এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণে ব্যাঘাতের আশঙ্কার প্রেক্ষাপটে বিশ্বজুড়েই জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব ভারতেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের নাগরিকদের সংযমী হতে এবং জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে সরকারি পর্যায়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার থেকেই এসকর্ট ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেন মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার সচিবালয়ে যাওয়ার সময় তিনি একটিমাত্র গাড়ি ব্যবহার করেন। এ প্রসঙ্গে তিনি জানান, “প্রধানমন্ত্রী পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর নির্দেশনা মেনে আমি এসকর্ট ছেড়ে দিয়েছি। এখন থেকে একটিমাত্র গাড়ি ব্যবহার করছি। এর মূল উদ্দেশ্য জ্বালানির সাশ্রয়।”
মন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তেল আমদানিতে সাময়িক কিছু সমস্যা তৈরি হতে পারে। সেই কারণে সবাইকে সচেতনভাবে জ্বালানি ব্যবহার করার এবং অপচয় এড়ানোর পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, এর আগেও বৃহস্পতিবার রাজ্যের আরেক মন্ত্রী সরকারি গাড়ি ও এসকর্ট ব্যবহার না করে ইরিক্সায় চড়ে সচিবালয়ে যান। একই সঙ্গে মুখ্যমন্ত্রী নিজের কনভয়ে গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছেন। অন্যান্য মন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকরাও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে একই পদক্ষেপ গ্রহণ করছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
জ্বালানি সাশ্রয়ের এই উদ্যোগকে রাজ্য সরকারের তরফে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়াতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রশাসনিক মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ