প্রধানমন্ত্রীর আহ্বানে সরকারি গাড়ি ও এসকর্ট ছাড়লেন সাংসদ রাজীব ভট্টাচার্য, স্কুটিতে এলাকা পরিদর্শন
আগরতলা, ১৫ মে (হি.স.) : জ্বালানি সাশ্রয় এবং অপ্রয়োজনীয় ব্যয় রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সরকারি গাড়ি ও এসকর্ট ব্যবহার বন্ধ করলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। শুক্রবার তিনি নিজ স্
সাংসদ রাজীব ভট্টাচার্য


আগরতলা, ১৫ মে (হি.স.) : জ্বালানি সাশ্রয় এবং অপ্রয়োজনীয় ব্যয় রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সরকারি গাড়ি ও এসকর্ট ব্যবহার বন্ধ করলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। শুক্রবার তিনি নিজ স্কুটিতে করে বিভিন্ন এলাকায় সংগঠনের কাজকর্ম পরিদর্শনে বের হন।

এদিন স্কুটিতে এলাকা সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন, দক্ষিণ এশিয়ায় বর্তমান অস্থির পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব দেশের পেট্রোল ও ডিজেল সরবরাহ ও মূল্যের ওপর পড়তে পারে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেও তাঁর সরকারি কনভয়ে ব্যবহৃত গাড়ির সংখ্যা কমিয়ে দিয়েছেন। একইভাবে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা-সহ রাজ্যের একাধিক মন্ত্রী ইতিমধ্যে এসকর্ট ও অতিরিক্ত গাড়ি ব্যবহার কমিয়ে দিয়েছেন। সেই উদ্যোগকে সমর্থন জানিয়ে তিনিও সরকারি গাড়ি এবং এসকর্ট ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজীব ভট্টাচার্য বলেন, “দেশের স্বার্থে জ্বালানি সাশ্রয় এখন সময়ের দাবি। ছোট ছোট সচেতন পদক্ষেপের মাধ্যমে আমরা জাতীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারি।” তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই তাঁর মূল উদ্দেশ্য।

স্কুটিতে করে এলাকা পরিদর্শনের মাধ্যমে সাংগঠনিক কাজ পরিচালনার এই উদ্যোগ রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এই পদক্ষেপকে বাস্তবসম্মত ও প্রতীকী উদ্যোগ হিসেবে দেখছেন।

প্রদেশ বিজেপি সভাপতি সকল নাগরিকের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয় যানবাহন ব্যবহার কমিয়ে, সম্ভব হলে একাধিক কাজ একসঙ্গে পরিকল্পনা করে এবং জ্বালানি সাশ্রয়ী পদ্ধতি গ্রহণের মাধ্যমে দেশের এই পরিস্থিতিতে প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande