
হুগলি , ১৫ মে (হি.স.) : বড় সাফল্য পেল পুরশুড়া থানার পুলিশ। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোট ৪২টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। শুক্রবার পুরশুড়া থানায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইলগুলি ফেরত দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সুপ্রভাত চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর (সিআই), পুড়শুড়া থানার ওসি শুভজিৎ দে-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুরশুড়া থানার পুলিশ। প্রযুক্তির সাহায্যে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মোট ৪২টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। পরে প্রয়োজনীয় নথি যাচাই করে মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান, সাধারণ মানুষের স্বার্থে ও হারানো সামগ্রী উদ্ধারে পুলিশ সবসময় তৎপর রয়েছে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলেও তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA