
আসানসোল, ১৬ মে (হি.স.): পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে পুলিশ ফাঁড়িতে চলল হামলা। শুক্রবার রাতে আসানসোলের জাহাঙ্গির মহল্লা এলাকায় হামলা চালানো হয়। পুলিশ ফাঁড়ির মধ্যে ইট-পাটকেল ছোড়া হয়। লাউড স্পিকারের ব্যবহার নিয়ে সরকারি নির্দেশিকা জানাতে গিয়েছিল পুলিশ। তখনই পুলিশ ফাঁড়িতে চড়াও হয়ে হামলা চালানো হয়।
পুলিশ জানিয়েছে, গত রাতে আসানসোলের রেলপার এলাকায় পুলিশের একটি চৌকিতে ও তার আশেপাশে একদল দুষ্কৃতী পাথর ছোড়ে। ভিড় করে পুলিশের দিকে এগিয়ে আসা দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ মেটানোর চেষ্টা করলে এই ঘটনা ঘটে। একাধিক গাড়ি, অটোয় ভাঙচুর করা হয়।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ধ্রুব দাস বলেন, গতকাল রাত প্রায় ৯টা নাগাদ একটি বিষয় নিয়ে আলোচনার জন্য বিশাল জনসমাগম হয়েছিল। পুলিশও সেখানে উপস্থিত ছিল। ভিড়ের মধ্যে দুটি দল তৈরি হয় এবং তারা একে অপরের সঙ্গে তর্ক শুরু করে। পুলিশ তা থামানোর চেষ্টা করে। কিন্তু জনতা পুলিশ ফাঁড়িতে পাথর ছোড়ে, যাতে সামান্য ক্ষয়ক্ষতি হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আমরা সিসিটিভি খতিয়ে দেখছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ