মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্তের ভুয়ো ইমেল, গ্রেফতার যুবক
কলকাতা, ১৬ মে (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত সংক্রান্ত একটি ভুয়ো ইমেল পাঠানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার খোলসা করে জা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্তের ভুয়ো ইমেল, গ্রেফতার যুবক


কলকাতা, ১৬ মে (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত সংক্রান্ত একটি ভুয়ো ইমেল পাঠানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার খোলসা করে জানানো হয়েছে যে, ব্যক্তিগত শত্রুতার জেরে ওই যুবক এই ভুয়ো ইমেলটি পাঠিয়েছিল। গ্রেফতার হওয়া যুবকের নাম হাসনেম ইকবাল বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, গত ১৪ মে ভবানীপুর থানায় একটি ইমেল আসে, যেখানে দাবি করা হয়েছিল যে এক মহিলা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের পরিকল্পনা করছেন। ইমেলে আরও দাবি করা হয়, ওই মহিলা জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত এবং আত্মঘাতী হামলার জন্য বোমা তৈরি করছেন। ইমেলটি পাওয়ামাত্রই পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে গার্ডেনরিচ থানার সাহায্যে ইমেল প্রেরণকারীকে শনাক্ত করা হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক স্বীকার করেছে যে, ইমেলে দেওয়া তথ্যগুলি সম্পূর্ণ মিথ্যা ছিল। পুলিশের মতে, ইমেলে যে মহিলার নাম উল্লেখ করা হয়েছিল, তাঁর সঙ্গে অভিযুক্তের ব্যক্তিগত বিবাদ ছিল এবং তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যেই সে এই চক্রান্ত করেছিল।

পুলিশি তদন্তে আরও জানা গেছে যে, অভিযুক্ত যুবক এর আগেও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের নামে এই ধরনের ভুয়ো ইমেল পাঠিয়েছে। এমনকি নির্বাচন কমিশনকেও এই ধরনের বিভ্রান্তিকর ইমেল পাঠানো হয়েছিল। কলকাতা পুলিশ সতর্ক করে জানিয়েছে যে, ভবিষ্যতে এই ধরনের ভুয়ো ও বিভ্রান্তিকর ইমেল প্রেরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ আধিকারিকরা বলেন, এই ধরনের অপরাধের ক্ষেত্রে অভিযুক্তরা আজ হোক বা কাল ধরা পড়বেই, তাই সবার এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। কাকতালীয়ভাবে, তিনি নিজেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, যেখানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন। এই হুমকিমূলক ইমেলের পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande