
সন্দেশখালি, ১৬ মে (হি. স.) : সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া পদক্ষেপের ঘোষণায় স্বস্তি প্রকাশ করলেন ভোলানাথ ঘোষ। একই সঙ্গে ছেলের মৃত্যুর বিচার চেয়ে প্রশাসনের কাছে আর্জি জানালেন তিনি। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোলানাথ ঘোষ অভিযোগ করেন, জেলে বসেও শেখ শাহজাহান এখনও সন্দেশখালির নেটওয়ার্ক পরিচালনা করছে এবং তাঁর অনুগামীরা এলাকায় দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে।উল্লেখ্য, ২০২৫ সালের ১০ ডিসেম্বর শাহজাহান মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার সময় বাসন্তী হাইওয়ের বয়ারমারী পেট্রোল পাম্প এলাকায় ভোলানাথ ঘোষের গাড়িকে একটি লরি ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় ভোলানাথবাবুর ছেলে ও গাড়ির চালকের। সেই ঘটনার পর থেকেই শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে আসছেন তিনি।ভোলানাথ ঘোষের দাবি, জেলের ভিতরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে শাহজাহান গোটা চক্র পরিচালনা করছে। তাঁর অভিযোগ, তাঁকে খুনের পরিকল্পনা করেই ওই দুর্ঘটনা ঘটানো হয়েছিল। যদিও এই ঘটনার তদন্ত এখনও চলছে। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণার পর ভোলানাথ ঘোষ বলেন, “আমি শুধু আমার ছেলের মৃত্যুর সঠিক বিচার চাই।” তাঁর বক্তব্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়