
হিঙ্গলগঞ্জ, ১৬ মে (হি. স.) :-উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার ভোর রাতে হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলের বিল এলাকায় ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ধৃতের নাম শহিদুল গাজী। তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা বলে জানা গিয়েছে।স্থানীয়দের অভিযোগ, স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্য জয়নাল আবেদীন কয়েক বছর আগে অবৈধভাবে শহিদুল গাজীকে ভারতে নিয়ে আসেন। অভিযোগ, এরপর তাঁর জন্য ভুয়ো পরিচয়পত্র, ভোটার কার্ড-সহ বিভিন্ন নথিও তৈরি করে দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, ওই তৃণমূল নেতা নিজের মেছো ভেড়িতে শহিদুলকে আশ্রয় দিয়েছিলেন। পরে তিনি স্থানীয় এক মহিলাকে বিয়ে করে এলাকাতেই বসবাস শুরু করেন। শনিবার রাতে গ্রামবাসীরা তাঁকে আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন। সাংবাদিকদের সামনে শহিদুল গাজী ভারতে অবৈধভাবে প্রবেশের কথা স্বীকার করেছেন বলেও দাবি স্থানীয়দের। যদিও অভিযোগের বিষয়ে জয়নাল আবেদীন বা তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃতের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়