
আগরতলা, ১৯ মে (হি.স.) : ভিয়েতনামের মুক্তিযুদ্ধের মহানায়ক, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রভাবশালী নেতা হো চি মিনের জন্মবার্ষিকী মঙ্গলবার রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সিপিআই(এম)। এই উপলক্ষয়ে রাজধানী আগরতলায় সিপিআই(এম)-এর রাজ্য দফতরে আয়োজিত হয় মূল অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, পশ্চিম জেলা সম্পাদক রতন দাস-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। অনুষ্ঠানের শুরুতে নেতৃবৃন্দ হো চি মিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এই উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে জীতেন্দ্র চৌধুরী বলেন, হো চি মিন কেবল ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের নেতা নন, তিনি বিশ্বজুড়ে শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির প্রতীক। সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন সংগ্রাম আজও প্রগতিশীল শক্তিকে অনুপ্রাণিত করে চলেছে।
তিনি আরও বলেন, দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেও হো চি মিন নিজের দৃঢ় আদর্শ, সংগ্রামী চেতনা এবং অসাধারণ নেতৃত্বগুণের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে আছেন। ‘চাচা হো’ নামে পরিচিত এই মহান নেতা সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজতান্ত্রিক আদর্শের প্রসারে আজীবন কাজ করে গেছেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ হো চি মিনের জীবনাদর্শ, আত্মত্যাগ এবং সংগ্রামী ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বর্তমান সময়েও তাঁর আদর্শ বিশ্বজুড়ে সাম্য, ন্যায় ও মানবমুক্তির সংগ্রামে পথপ্রদর্শক হিসেবে কাজ করছে।
এদিন শুধু আগরতলাতেই নয়, সিপিআই(এম)-এর বিভিন্ন জেলা ও মহকুমা কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় হো চি মিনের জন্মবার্ষিকী পালন করা হয়। বিভিন্ন স্থানে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান, স্মৃতিচারণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ