
কলকাতা, ১৯ মে (হি.স.): নতুন সরকার যা পারে করুক। মাথা নত করব না। মঙ্গলবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করলেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মঙ্গলবার দলের বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গেছে, এদিন বৈঠকে মমতা বলেন, অভিষেককে গ্রেফতার করতে চায়। আমাকে গ্রেফতার করতে চায়। যা খুশি করুক। বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। মাথা নত করব না। বৈঠকে উপস্থিত অভিষেক বলেন, আমার বাড়িতে নোটিস দিয়েছে। কোথায় অনিয়ম আছে, তা নিয়ে কিছু বলেনি।
এদিকে, ফলতার প্রার্থী জাহাঙ্গির খানের সরে দাঁড়ানো নিয়ে প্রশ্ন উঠল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বৈঠকে। সূত্রের খবর, দলনেত্রীর প্রারম্ভিক বক্তব্যের পরে এক বিধায়ক দাবি তোলেন, সংগঠনের বিষয়ে দলের বিধায়ক ও অন্যদের কথা শুনতে হবে। সব কিছু চাপিয়ে দিলে চলবে না। সেই সূত্রেই আসে জাহাঙ্গিরের প্রসঙ্গ। একাধিক বিধায়ক প্রশ্ন তোলেন, দলকে বিড়ম্বনায় ফেলে যে প্রার্থী লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে গেলেন, তাঁকে বহিষ্কার করা হবে না কেন? সূত্রের খবর, প্রশ্নের মুখে পড়ে অভিষেক বৈঠকে বিধায়কদের বলেন, দলের তরফে ইতিমধ্যে বিবৃতি দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ