
রাঁচি, ১৯ মে (হি.স.) : ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি নয়াদিল্লিতে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠককে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও আত্মবিশ্বাস বাড়ানোর মুহূর্ত বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার সামাজিক মাধ্যমের এক পোস্টে মন্ত্রী ইরফান আনসারির দাবি করেন , বৈঠকে মূলত ঝাড়খণ্ডের উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। তিনি জানান, রাহুল গান্ধী তাঁকে সর্বদা মানুষের পাশে থেকে সামাজিক ও জনস্বার্থের বিষয়গুলি জোরালোভাবে তুলে ধরার পরামর্শ দিয়েছেন।
বৈঠকে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সামাজিক বৈষম্য এবং দরিদ্র মানুষের সমস্যার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন রাহুল গান্ধী। তাঁর মতে, এই বিষয়গুলিতে আরও কার্যকর ও জনমুখী আন্দোলনের প্রয়োজন রয়েছে, যাতে সাধারণ মানুষের কণ্ঠস্বর জাতীয় স্তরে আরও শক্তিশালীভাবে পৌঁছয়।
এদিন ঝাড়খণ্ড সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কেও রাহুল গান্ধীকে বিস্তারিত জানান স্বাস্থ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-এর নেতৃত্বে স্বাস্থ্য ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজ চলছে, হাসপাতাল সম্প্রসারণ এবং চিকিৎসা পরিষেবা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়েও আলোচনা হয়।
মন্ত্রী ইরফান আনসারি আরও জানান, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে রিমস-২ নির্মাণ, নতুন মেডিক্যাল কলেজ স্থাপন, গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি রাহুল গান্ধীকে জানান। পাশাপাশি এই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্টও তাঁর হাতে তুলে দেন।
মন্ত্রী দাবি করেন, রাহুল গান্ধী ঝাড়খণ্ড সরকারের এই উদ্যোগগুলির প্রশংসা করেছেন এবং বলেছেন, স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্য ইতিবাচক পথে এগোচ্ছে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
বৈঠকে রাহুল গান্ধী আরও বলেন, আগামী দিনে দেশকে নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে। তাই জনগণকে সচেতন করা এবং সংখ্যালঘু, পিছিয়ে পড়া ও দুর্বল শ্রেণির সমস্যাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে তুলে ধরা জরুরি।
বৈঠকের শেষে ইরফান আনসারিকে জনসংযোগ বজায় রেখে নির্ভীকভাবে মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন রাহুল গান্ধী। তিনি আশ্বাস দেন, জনস্বার্থের এই লড়াইয়ে তিনি তাঁর পাশে থাকবেন এবং কোনও রাজনৈতিক চাপ বা হুমকিতে ভয় পাওয়ার প্রয়োজন নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য