৯৯৩ কোটি টাকার আরাক্কোনম-চেঙ্গলপট্টু ডাবল লাইন প্রকল্পে ছাড়পত্র ভারতীয় রেলের
Railway-Arakkonam-Chengalpattu Double Line Project
৯৯৩ কোটি টাকার আরাক্কোনম-চেঙ্গলপট্টু ডাবল লাইন প্রকল্পে ছাড়পত্র ভারতীয় রেলের




নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : দক্ষিণ রেলের অধীন আরাক্কোনম-চেঙ্গলপট্টু রেলপথের ডাবল লাইন প্রকল্পে অনুমোদন দিল ভারতীয় রেল। ৬৮ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি টাকা। চেন্নাই শহরতলির রেল নেটওয়ার্কে যানজট কমানো, যাত্রী পরিষেবা উন্নত করা এবং পণ্য পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

মঙ্গলবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে চেন্নাইয়ের ব্যস্ত শহরতলির রেল নেটওয়ার্কে চাপ কমবে, ট্রেনের সময়নিষ্ঠতা বাড়বে এবং রেলের সামগ্রিক পরিষেবা আরও উন্নত হবে। পাশাপাশি যাত্রী পরিষেবার পাশাপাশি মালবাহী ট্রেনে পরিবহণেও গতি আসবে। বিশেষ করে সিমেন্ট, গাড়ি, খাদ্যশস্য, লোহা ও ইস্পাত পরিবহণে এর সুফল মিলবে বলে জানানো হয়েছে।

এই রেলপথটি চেন্নাই বিচ, তাম্বরম, চেঙ্গলপট্টু এবং আরাক্কোনমকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ শহরতলি সার্কুলার রেল নেটওয়ার্কের অংশ। বর্তমানে একক লাইনের উপর অতিরিক্ত চাপ থাকায় ভবিষ্যতের বাড়তি যাত্রী ও পণ্য পরিবহণের কথা মাথায় রেখেই দ্বিতীয় লাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল মন্ত্রকের দাবি, ডাবল লাইন চালু হলে ট্রেনের অপেক্ষার সময় কমবে, পরিষেবার সংখ্যা বাড়ানো সম্ভব হবে এবং যাত্রীদের দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা দেওয়া যাবে।

এই রেলপথ মহীন্দ্রা ওয়ার্ল্ড সিটি, শ্রীপেরম্বদুর, ওরগাডম ও ইরুঙ্গাট্টুকোট্টাইয়ের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলকে সংযুক্ত করে। এছাড়াও অটোমোবাইল, সিমেন্ট ও উৎপাদন শিল্পের ক্ষেত্রেও এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কাঞ্চিপুরমের কাছে প্রস্তাবিত পরন্দুর বিমানবন্দর প্রকল্পও এই রেলপথের নিকটে হওয়ায় এর কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।

রেলের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরতলি ও মালবাহী যোগাযোগ আরও উন্নত হবে, শিল্পোন্নয়নে গতি আসবে এবং যাত্রীরা দ্রুত, নিরাপদ ও আরও নির্ভরযোগ্য রেল পরিষেবা পাবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande