
দুর্গাপুর, ১৯ মে ( হি. স.) : বাস কর্মীদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায়। মঙ্গলবার বিকালে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পরে পুলিশের হস্তক্ষেপে দুইজনকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থেকে চিত্তরঞ্জনগামী একটি বাস সিটি সেন্টার বাসস্ট্যান্ডে পৌঁছালে কয়েকজন যুবক বাসকর্মীদের কাছ থেকে টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করায় এক বাসকর্মীকে মারধর করা হয় এবং তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
আক্রান্ত বাসকর্মী রাহুল ধীবর অভিযোগ করে বলেন, “ওখানে একজন টাইম কিপার ছিল, আমাদের কাছ থেকে চাঁদা চাইছিল। টাকা না দেওয়ায় আমাকে মারধর করা হয় এবং জামা ছিঁড়ে দেওয়া হয়।”
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বাসকর্মীরা ডিএমসি মোড়ে বাস থামিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। এর জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরে পুলিশি আশ্বাসে বাসকর্মীরা বিক্ষোভ তুলে নেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা