
দুর্গাপুর, ১৯ মে (হি. স.): তোলাবাজির অভিযোগে সোমবার গ্রেফতার হলেন পাণ্ডবেশ্বর বিধানসভার ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। মঙ্গলবার ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ধৃতের নাম রামচরিত্র পাসওয়ান। তিনি ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে পরিচিত। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে এলাকায় অবৈধ তোলাবাজি, সিন্ডিকেট রাজ চালানো এবং ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তাঁর প্রভাবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিলেন।
সম্প্রতি এই বিষয়ে পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে এবং সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
ধৃত তৃণমূল নেতার গ্রেফতারিকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। স্থানীয় রাজনৈতিক মহলে তিনি তৃণমূলের জেলা সভাপতির ঘনিষ্ঠ বলেও পরিচিত।
তবে এই বিষয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা