
আগরতলা, ১৯ মে (হি.স.) : মাত্র চার দিনের ব্যবধানে ফের বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া নতুন মূল্যে পেট্রোল এবং ডিজেল—উভয়ের দামই প্রতি লিটারে ৮৮ পয়সা করে বেড়েছে। এর ফলে জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কায় আরও চাপে পড়লেন সাধারণ মানুষ, পরিবহণ ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা।
নতুন মূল্য অনুযায়ী, আগরতলায় প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০১ টাকা ৪৪ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯০ টাকা ৩৪ পয়সা প্রতি লিটার। ধারাবাহিকভাবে জ্বালানির দাম বাড়তে থাকায় উদ্বেগ ছড়িয়েছে সর্বস্তরে।
জ্বালানির মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে পরিবহণ ব্যয়ের উপর। বাস, অটোরিকশা, ট্যাক্সি ও পণ্যবাহী যানবাহনের খরচ বৃদ্ধি পাওয়ায় পরিবহণ ব্যবসায়ীদের একাংশ ভাড়া বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, বারবার জ্বালানির দাম বাড়ায় ব্যবসা চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছে। খরচের সঙ্গে আয় সামঞ্জস্য রাখা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, সাধারণ মানুষের অভিযোগ, লাগাতার মূল্যবৃদ্ধির ফলে সংসারের মাসিক বাজেট ভেঙে পড়ছে। জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, পরিবহণ ব্যয় বাড়লে তার প্রভাব পড়ে খাদ্যপণ্য, সবজি, নির্মাণ সামগ্রীসহ প্রায় সব ধরনের পণ্যের উপর।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা, মুদ্রার বিনিময় হার এবং কেন্দ্র ও রাজ্যের কর কাঠামোর পরিবর্তনের কারণে দেশে জ্বালানির দাম বৃদ্ধি পায়। তবে ঘন ঘন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের আর্থিক অবস্থাকে আরও অনিশ্চিত করে তুলছে।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভোক্তাদের দাবি, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। একইসঙ্গে করের বোঝা কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ