
হলদিয়া, ১৯ মে (হি. স.):-হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব পট্টনায়কের সম্পত্তি বৃদ্ধি ও বিদেশ ভ্রমণ নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। হলদিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব পট্টনায়কের বাড়ি ১৯ নম্বর ওয়ার্ডের নিবেদিতা নগরে। স্থানীয় একটি সরকারি স্কুলের শিক্ষক সঞ্জীববাবু দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। ২০১২ সালে তাঁর মা কাউন্সিলর ছিলেন এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি নিজে কাউন্সিলরের দায়িত্ব সামলান।মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করেন, মা ও ছেলে কাউন্সিলর হওয়ার পর থেকেই পরিবারের আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে। অভিযোগ, ২০১৭ সালে কাউন্সিলর হওয়ার পরেই সঞ্জীব পট্টনায়েক একটি চারতলা বাড়ির নির্মাণ কাজ শুরু করেন এবং ২০১৯ সাল থেকে সেই বাড়ির ফ্ল্যাট ভাড়া দেওয়া শুরু হয়। চারতলার একটি ফ্ল্যাটে তাঁর পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে বলেও জানা গিয়েছে। এছাড়াও এলাকায় তাঁদের একটি দোতলা পাকা বাড়িও রয়েছে।বাসিন্দাদের দাবি, একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন প্রাক্তন কাউন্সিলর ও তাঁর পরিবার। কারখানায় শ্রমিক নিয়োগের বিনিময়ে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে সঞ্জীব পট্টনায়েকের প্রতিক্রিয়া জানতে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে এলাকায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়