
দত্তপুকুর, ১৯ মে (হি. স.):-উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের জয়পুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থেকে আধার কার্ড, রেশন কার্ড ও ভোটার কার্ড উদ্ধারের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ পার্টি অফিসে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি দেখতে পান বলে দাবি করেন। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয়দের অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণেই বহু মানুষের সরকারি নথি আটকে রাখা হয়েছিল। এর ফলে তারা বিভিন্ন সরকারি পরিষেবা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলেও দাবি করা হয়েছে। অভিযোগ উঠেছে, এলাকার কিছু তৃণমূল নেতা এই কাজের সঙ্গে জড়িত।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ পার্টি অফিসের সামনে জড়ো হন। পরে স্থানীয় বাসিন্দারাই নথিগুলি উদ্ধার করেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।যদিও এই অভিযোগের বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়