
কলকাতা, ১৯ মে (হি. স.): আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। ১৯ ও ২০ মে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।আবহাওয়া দফতর সূত্রে খবর, ২০ মে-র পর দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা খুব একটা কমবে না। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও আগামী সাতদিন গরম ও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। উত্তরবঙ্গে ২০ মে-র পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়