তিন দফা দাবিতে আগামীকাল দেশজুড়ে ২৪ ঘন্টার ধর্মঘটে ঔষধ ব্যবসায়ীরা
কুমারঘাট (ত্রিপুরা), ১৯ মে (হি.স.) : তিন দফা দাবিকে সামনে রেখে আগামীকাল বুধবার দেশজুড়ে ২৪ ঘন্টার ধর্মঘটে সামিল হচ্ছেন ঔষধ ব্যবসায়ীরা। সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডাকে এই ধর্মঘটের প্রভাব পড়তে চলেছে ত্রি
ধর্মঘটের প্রচার


কুমারঘাট (ত্রিপুরা), ১৯ মে (হি.স.) : তিন দফা দাবিকে সামনে রেখে আগামীকাল বুধবার দেশজুড়ে ২৪ ঘন্টার ধর্মঘটে সামিল হচ্ছেন ঔষধ ব্যবসায়ীরা। সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডাকে এই ধর্মঘটের প্রভাব পড়তে চলেছে ত্রিপুরাতেও। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমা সহ বিভিন্ন এলাকায় ওইদিন বন্ধ থাকবে অধিকাংশ ঔষধের দোকান। তবে সাধারণ মানুষের স্বার্থে প্রতিটি হাসপাতালের সামনে একটি করে ঔষধের দোকান খোলা রাখা হবে, যাতে জরুরি পরিষেবায় বিঘ্ন না ঘটে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে ঔষধ বিক্রি বন্ধ করা, বাড়ি বাড়ি খাদ্য সরবরাহকারী সংস্থার মাধ্যমে ঔষধ পৌঁছে দেওয়া বন্ধ করা এবং বাজারে নকল ঔষধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ—এই তিন দফা দাবিতে বুধবারের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দিয়েছেন সংগঠনের নেতারা।

ধর্মঘট সফল করতে ইতিমধ্যেই কুমারঘাট, ফটিকরায় ও আশপাশের এলাকায় জোর প্রচার শুরু হয়েছে। বিভিন্ন ঔষধের দোকানে পোস্টার টাঙানো হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে আগাম সতর্ক করা হচ্ছে, যাতে প্রয়োজনীয় ঔষধ আগে থেকেই সংগ্রহ করে রাখা যায়।

ফটিকরায়ের ঔষধ বিক্রেতা প্রলয় শর্মা জানান, সংগঠনের সর্বভারতীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার ২৪ ঘন্টা ফটিকরায়ের সমস্ত ঔষধের দোকান বন্ধ থাকবে। তবে সাধারণ মানুষের কথা বিবেচনা করে স্থানীয় হাসপাতালের সামনে একটি দোকান খোলা রাখা হবে, যাতে জরুরি প্রয়োজনে কেউ সমস্যায় না পড়েন। তিনি বলেন, “আমাদের দাবি দীর্ঘদিনের। সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

কুমারঘাট হাসপাতাল রোড এলাকার ঔষধ বিক্রেতা পীযূষ পাল জানান, কুমারঘাট শহরের সমস্ত ঔষধ ব্যবসায়ীরাও ধর্মঘটে অংশ নিচ্ছেন। তবে কুমারঘাট হাসপাতালের সামনে একটি ঔষধের দোকান ২৪ ঘন্টা খোলা রাখা হবে। তিনি বলেন, “আমরা ব্যবসা বন্ধ রাখলেও মানুষের জরুরি চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।”

ঔষধ ব্যবসায়ীদের অভিযোগ, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বাড়িতে বসে কম দামে ঔষধ কেনার প্রবণতা বাড়ায় স্থানীয় দোকানগুলির ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অনিয়ন্ত্রিত অনলাইন বাজারের ফলে নকল ঔষধের প্রসারও বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

ব্যবসায়ীদের মতে, ঔষধ বিক্রি শুধুমাত্র একটি বাণিজ্যিক কার্যকলাপ নয়, এটি মানুষের জীবন ও স্বাস্থ্যর সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এই খাতে কঠোর নিয়ন্ত্রণ এবং ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande