
আগরতলা, ১৯ মে (হি.স.) : যুব সমাজকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে এবং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে মঙ্গলবার “নেশা মুক্ত ভারত অভিযান”-এর অংশ হিসেবে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে মেগা সচেতনতা রেলির আয়োজন করা হয়। কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, এনএসএস স্বেচ্ছাসেবক এবং শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে রেলিটি অনুষ্ঠিত হয়।
এদিন সকাল থেকেই কলেজ চত্বরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাতে নেশাবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার এবং পোস্টার নিয়ে স্বেচ্ছাসেবকরা রেলিতে অংশ নেন। “নেশা নয়, সুস্থ জীবন চাই”, “মাদককে না বলুন”, “যুব সমাজকে বাঁচান, দেশকে এগিয়ে নিন” প্রভৃতি স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
রেলিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় কলেজে এসে শেষ হয়। পথচলতি সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের কাছেও নেশার কুফল সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
এনএসএস স্বেচ্ছাসেবকরা জানান, বর্তমান সময়ে বহু যুবক-যুবতী মাদকের নেশায় আসক্ত হয়ে নিজেদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে “জম্বি ড্রাগ”-এর মতো ভয়ংকর মাদকের প্রসার যুব সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ছাত্রসমাজকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেই তাঁরা মনে করেন।
তাঁরা আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী নেশামুক্ত ভারত ও নেশামুক্ত ত্রিপুরা গড়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। “এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা” গড়ে তুলতে হলে যুব সমাজকে মাদকের কবল থেকে মুক্ত রাখা অত্যন্ত জরুরি বলেও তাঁরা মত প্রকাশ করেন।
কলেজের শিক্ষক-শিক্ষিকারা জানান, শুধুমাত্র প্রশাসনের উদ্যোগে নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মাধ্যমে সচেতনতা বৃদ্ধির এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিনের কর্মসূচিকে ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাদের সক্রিয় অংশগ্রহণ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে। কলেজের এই উদ্যোগকে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ