
কলকাতা, ২ মে (হি. স.): ফের উত্তেজনা ছড়াল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। শুক্রবার গভীর রাতে সেখানে ৮টি ব্যালট বাক্স পৌঁছনোকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে ওই ব্যালট বাক্সগুলি কেন্দ্রে আনা হয় এবং পরে সেগুলি এমন একটি ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে কোনও সিসিটিভি–র নজরদারি ছিল না।এই ঘটনাকে ঘিরে নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে আপত্তি জানানো হলেও তা গুরুত্ব পায়নি। অভিযোগের সমর্থনে সিসিটিভি মনিটরের একটি ছবি এবং একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব।উল্লেখ্য, এর আগেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই ঘটনার পর রাতারাতি গোটা কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা হয়। কেন্দ্রের চারপাশে গার্ডরেল বসানো হয়েছে এবং প্রবেশে কড়াকড়ি হয়েছে।শুক্রবার গভীর রাতের এই ঘটনাকে ঘিরে ফের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়