
নদিয়া, ২ মে (হি.স.): ভুল চিকিৎসার জেরে বৃদ্ধের মৃত্যু, আর এই অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালাল রোগীর পরিবার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় কল্যাণীর জেএনএম হাসাপাতালে। জানা গেছে, মৃতের নাম মহম্মদ মণ্ডল, বয়স ৭১ বছর, নদিয়ার চাকদা থানার শিমুরালি মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার জ্বর নিয়ে তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করা হলেও প্রথমে সঠিক চিকিৎসা পাননি বৃদ্ধ। অভিযোগ, কোনও সিনিয়র চিকিৎসক রোগীকে দেখেননি। বরং ইন্টার্ন ডাক্তাররাই তাঁর চিকিৎসা করছিল। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা দেখেন, রোগীর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁদের বাবাকে মেরে ফেলা হয়েছে। ঘটনার সঠিক তদন্তের দাবিতে সরব হয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ