
কাঠমান্ডু, ২ মে (হি.স.) : নেপাল সফরে এসে শাসকদল ন্যাশনাল ইন্ডিপেনডেন্ট পার্টির (আরএসপি) সভাপতি রবি লামিছানের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। কাঠমান্ডু-এ অবস্থিত তাঁর বাসভবনে শনিবার এই বৈঠক হয়। প্রায় আধঘণ্টা আলোচনার পর সকাল ৯টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান মার্কিন দূত।
এদিনই এভারেস্ট বেস ক্যাম্প-এ পৌঁছে ‘আল্ট্রা এক্স জেন ২’ নামে একটি মার্কিন কার্গো ড্রোনের পরীক্ষামূলক উড়ানও করেন সের্জিও গর। তাঁর সঙ্গে ছিলেন নেপালে মার্কিন দূতাবাসের কার্যনির্বাহী রাষ্ট্রদূত স্কট চার্জ। তবে এই ড্রোন উড়ানের অনুমতি নিয়ে নেপাল সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় নয়া দিল্লি থেকে ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে কাঠমান্ডু পৌঁছান গর। সফরের প্রথম দিনেই তিনি নেপালের বিদেশ ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং কাঠমান্ডু দরবার স্কোয়ার পরিদর্শন করেন। সূত্রের খবর, শনিবার রাতেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য