
কলকাতা, ২১ মে (হি. স.) : ব্যাট ও বল হাতে তনুশ্রী সরকারের অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্স। ফাইনালে একাই ম্যাচের রাশ টেনে ধরলেন তিনি। প্রথমে বল হাতে ৩ উইকেট এবং পরে অপরাজিত অর্ধশতরান— তনুশ্রীর এই দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে সিএবি মহিলা ক্লাব ক্রিকেট লিগ টি-২০ প্রতিযোগিতার শিরোপা জিতল কালীঘাট ক্লাব। বৃহস্পতিবার ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত মেগা ফাইনালে ভবানীপুর ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো কালীঘাট।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভবানীপুর ক্লাব। তবে কালীঘাটের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান তুলতে সক্ষম হয় তারা। দলের হয়ে একাই লড়াই করেন তৃষিতা সরকার। তিনি ৫৪ বলে ৪৭ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে যোগ্য সহযোগিতা পাননি। কালীঘাটের বোলারদের মধ্যে তনুশ্রী সরকার ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এছাড়া সৌমী রায় ৩ ওভারে ১৫ রান দিয়ে ২টি এবং অদ্রিজা সরকার ৪ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট পান।
জবাবে ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখায় কালীঘাটকে। তনুশ্রীর আগ্রাসী ব্যাটিংয়ের সামনে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে কালীঘাটের হাতে। মাত্র ৩৭ বলে ৫৩ রানের একটি ঝোড়ো অপরাজিত ইনিংস খেলেন তনুশ্রী। অন্যদিকে, অদ্রিজা সরকারের ৩৯ বলে ৩০ রানের ইনিংসটি দলের জয়ের ভিত আরও মজবুত করে। শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কালীঘাট ক্লাব। ভবানীপুরের হয়ে প্রতিভা রানা ৪ ওভারে ১৭ রান দিয়ে ২টি উইকেট নিলেও তা দলের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ফাইনালের মঞ্চে তনুশ্রী সরকারের এই ‘একাই একশো’ পারফরম্যান্সের ওপর ভর করেই শেষ হাসি হাসল কালীঘাট ক্লাব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত