
কলকাতা,২১মে(হি.স.): প্রথম ছয় ম্যাচে টানা জয়হীন কলকাতা। এরপর শেষ সাত ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিয়ে অবিশ্বাস্যভাবে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে বুধবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে কলকাতা। বোলারদের দারুণ বোলিংয়ের পর মনিশ পাণ্ডে(৪৫) এবং রোভম্যান পাওয়েলের(৪০) ব্যাটে জয় নিশ্চিত হয়েছে স্বাগতিকদের।
বুধবার লিগ পর্বের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেট ও ৭ বল হাতে রেখে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। মুম্বাইয়ের হয়ে বশ সর্বোচ্চ ৩২ রান করেন। কলকাতার হয়ে গ্রিন, ধুবে, কার্তিক ত্যাগী ২টি করে উইকেট নেন। সুনীল নারিন নেন বাকি উইকেটটি। জবাবে ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।
মুম্বইয়ের পক্ষে বশ ৩টি, দীপক চাহার, গজনফর ও বুমরাহ ১টি করে উইকেট শিকার করেন। এই জয়ে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে কলকাতা, তাতে টিকে আছে প্লে-অফে খেলার ক্ষীণ আশাও। প্লে-অফে যেতে হলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ম্যাচ জিততে হবে কলকাতাকে, পাশাপাশি অন্য দুটি ফলও যেতে হবে তাদের পক্ষে। তবুও মুম্বাই এর বিরুদ্ধে এই জয় কলকাতার স্বপ্ন বাঁচিয়ে রাখল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি