
শ্রীভূমি (অসম), ২১ মে (হি.স.): শ্রীভূমি জেলার অন্তর্গত বদরপুরে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার করার পাশাপাশি সন্দেহভাজন দুই পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃত দুই যুবকের নাম মকছুদ আলম ও শামিম হুসেইন।
পুলিশ সূত্রে জানা গেছে, মকছুদ আলম ও শামিম হুসেইনের বাড়ি বদরপুরের বুন্দাশিল গ্রামের মিশন রোড এলাকায়। দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে তারা মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।
অভিযানের সময় পুলিশ সন্দেহজনক বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ নথিপত্রও উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তদন্তকারী দল। এই পাচারের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস