সিপাহীজলা অভয়ারণ্যে দুই অটোর সংঘর্ষে একই পরিবারের তিনজন গুরুতর আহত
বিশালগড় (ত্রিপুরা), ২১ মে (হি.স.) : সিপাহীজলা অভয়ারণ্যের ভেতরে দুই অটোর মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের তিন সদস্য—স্বামী, স্ত্রী ও তাঁদের ৬ বছরের শিশু সন্তান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতর
সড়ক দুর্ঘটনা


বিশালগড় (ত্রিপুরা), ২১ মে (হি.স.) : সিপাহীজলা অভয়ারণ্যের ভেতরে দুই অটোর মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের তিন সদস্য—স্বামী, স্ত্রী ও তাঁদের ৬ বছরের শিশু সন্তান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতরা বর্তমানে আগরতলায় জিবিপিহাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন ছুটির সুযোগে বিশালগড়ের সিপাহীজলা অভয়ারণ্য ঘুরতে গিয়েছিলেন গোপাল ভৌমিক (৬) ও তার বাবা-মা। মূল সড়ক থেকে একটি অটোতে করে তাঁরা অভয়ারণ্যের ভেতরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি অটোর সঙ্গে তাঁদের বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

ধাক্কার তীব্রতায় অটোটি উল্টে গিয়ে তিনজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা বন দফতরের কর্মীরা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আগরতলায় জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শিশুর বাবা জানান, “অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।” দুর্ঘটনার পর পুরো পরিবার ও স্থানীয় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, এই ঘটনার পর সিপাহীজলা অভয়ারণ্যের ভেতরে অটো চলাচল ও পর্যটক পরিবহনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ উঠেছে, অভয়ারণ্যের ভেতরে কিছু স্থানীয় অটোচালক দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন এবং পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহারও করছেন।

স্থানীয়দের দাবি, অভয়ারণ্যের মতো সংরক্ষিত ও পর্যটন এলাকায় পরিবহন ব্যবস্থায় আরও কঠোর নিয়ন্ত্রণ ও নজরদারি প্রয়োজন। নইলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande