
আগরতলা, ২৫ মে (হি.স.) : একটানা ভারী বর্ষণে কার্যত বানভাসী পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজধানী আগরতলায়। শহরের বিভিন্ন নিম্নাঞ্চল জলমগ্ন হওয়ার ঘটনা নতুন নয়। তবে সোমবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতাল। প্রবল বৃষ্টিতে হাসপাতালের ট্রমা সেন্টারের ছাদ থেকে ভেতরে গড়িয়ে পড়তে থাকে জল, ফলে চরম ভোগান্তির মুখে পড়েন চিকিৎসার জন্য আসা রোগী ও তাঁদের পরিজনেরা।
জানা গেছে, জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারেই রয়েছে রোগীদের টিকিট কাটার কাউন্টার। প্রতিদিনের মতো সোমবারও সকাল থেকেই সেখানে রোগীদের দীর্ঘ লাইন ছিল। কিন্তু হঠাৎ করেই ছাদ থেকে জল পড়তে শুরু করলে মুহূর্তের মধ্যে ট্রমা সেন্টারের মেঝে জলমগ্ন হয়ে পড়ে। হাসপাতালের নোংরা বৃষ্টির জল মাড়িয়ে রোগী ও তাঁদের আত্মীয়দের চলাচল করতে হয়। অনেককে টিকিট কাটার জন্য ভিজে মেঝেতেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এই ঘটনায় ক্ষোভ উগরে দেন রোগী ও পরিজনেরা। জনৈক রোগীর আত্মীয় জানান, কোটি কোটি টাকা ব্যয়ে আধুনিক ভবন নির্মাণ করা হলেও সামান্য রক্ষণাবেক্ষণ ও পরিকল্পনার অভাবে রোগীদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাঁর অভিযোগ, হাসপাতালের ছাদের জল নিষ্কাশনের ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। ফলে সমস্ত জল ট্রমা সেন্টারের ভেতরে নেমে এসেছে। তিনি বলেন, “এত বড় হাসপাতালের এই অবস্থা সত্যিই অবাক করার মতো। রোগীদের স্বাস্থ্য সুরক্ষার কথা যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা, সেখানে হাসপাতালের নোংরা জল মাড়িয়ে চলতে হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের নতুন ভবনের ছাদের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। পাশাপাশি ছাদ থেকে বৃষ্টির জল নামানোর পাইপগুলিও দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। ফলে ভারী বর্ষণের জল সরাসরি জমে ট্রমা সেন্টারের ফ্লোরে নেমে আসে। অভিযোগ, বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও তৎপরতা বা নজরদারি নেই।
উল্লেখ্য, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মূল কেন্দ্র হিসেবেই পরিচিত জিবিপি হাসপাতাল ও এজিএমসি। এই হাসপাতালকে ঘিরেই রাজ্যে মেডিকেল হাব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীও একাধিকবার আধুনিক স্বাস্থ্য পরিষেবার উপর গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু বাস্তবে হাসপাতালের পরিকাঠামোর এমন বেহাল চিত্র সামনে আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে।
রোগী ও পরিজনদের অভিযোগ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত বরাদ্দ আসলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বৃষ্টির জল নিষ্কাশনের পাইপ বন্ধ হয়ে থাকা, ছাদের রক্ষণাবেক্ষণের অভাব এবং নোংরা জল হাসপাতালের ভেতরে ঢুকে পড়ার মতো ঘটনা প্রশাসনিক গাফিলতিকেই সামনে এনে দিয়েছে বলে মত সাধারণ মানুষের। তাঁরা দ্রুত সমস্যার স্থায়ী সমাধান ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ