
কলকাতা, ২৬ মে (হি.স.): রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মণকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে আটক করার পরে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নিউটাউনের ইকো পার্ক থানায়। মঙ্গলবার সকালে মোটর ভেহিকলস অ্যাক্ট-এর আওতায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে বারাসত আদালতে পেশ করা হবে। জানা যাচ্ছে, স্বর্ণব্যবসায়ী খুনের মামলাতেও তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবে পুলিশ।
সোমবার রাতে নিউটাউনে এক পথচারীকে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগ ওঠে প্রশান্তের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সেই সময় মত্ত অবস্থায় ছিলেন তিনি। অসংলগ্ন আচরণও করছিলেন। ধাক্কা মারার পরে ওই পথচারীর সঙ্গে একপ্রস্ত বচসা হয় প্রশান্তের। খুনের মামলায় দীর্ঘ দিন ধরে পুলিশের নাগালের বাইরে থাকা সেই প্রশান্ত এ বার ধরা পড়লেন পথসুরক্ষা বিধি ভেঙে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ