
জগদলপুর, ২৬ মে (হি.স.) : অবৈধভাবে খনিজ উত্তোলন ও পরিবহণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ছত্তিশগড়ের বস্তার জেলার প্রশাসন। বালি পাচার এবং চুনাপাথর অবৈধভাবে পরিবহণের অভিযোগে ৩৬টি গাড়ি বাজেয়াপ্ত করেছে খনিজ দফতর। পাশাপাশি চারজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজেয়াপ্ত গাড়িগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বস্তার জেলার বিভিন্ন এলাকায় অবৈধ খনিজ কার্যকলাপ রুখতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন জেলাশাসক। সেই নির্দেশ মেনেই জেলা খনিজ দফতরের পরিদর্শক দল একাধিক এলাকায় হানা দেয়।
খনি দফতরের আধিকারিক শিখর চেরপা জানিয়েছেন, উপনপাল, দেবড়া, কোডেনার, বড়েআমাবাল, কোরপাল, বস্তার, খোরখোসা, বেলগাঁও, ধরমপুরা, জগদলপুর, কুমহারাওয়ান্ড, পিপলাওয়ান্ড, বজাওয়ান্ড, বড়াঞ্জি, ছাপরমনপুরী, তারাপুর এবং বনিয়াগাঁও-সহ বিভিন্ন এলাকায় আচমকা তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় অবৈধভাবে চুনাপাথর ও বালি উত্তোলন, পরিবহণ এবং মজুতের প্রমাণ মেলায় সংশ্লিষ্ট পরিবহণকারী, উত্তোলনকারী ও মজুতকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রশাসনের দাবি, অবৈধ খনিজ উত্তোলন ও পরিবহণের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস