
মুম্বই,২৬ মে (হি. স.): বলিউড অভিনেতা রণবীর সিং সম্প্রতি ‘ডন ৩’-কে ঘিরে তৈরি হওয়া বিতর্কের কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে। কিছু দিন আগে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) অভিনেতার বিরুদ্ধে ‘নন-কো-অপারেটিভ ডিরেক্টরি’ জারি করে। এর ফলে ফেডারেশনের সঙ্গে যুক্ত কর্মী, টেকনিশিয়ান এবং সদস্যদের রণবীর সিং বা তাঁর কোনও প্রকল্পের সঙ্গে কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে প্রথম বার আনুষ্ঠানিক বিবৃতি দিল অভিনেতার টিম। বিবৃতিতে জানানো হয়েছে, “রণবীর সিং চলচ্চিত্র জগত এবং ‘ডন ৩’-এর সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তিনি ইচ্ছাকৃত ভাবেই নীরব থেকেছেন, কারণ তাঁর বিশ্বাস পেশাগত আলোচনা ও ব্যক্তিগত সম্পর্ক মর্যাদা, পরিণতিবোধ এবং পারস্পরিক সম্মানের সঙ্গে সামলানো উচিত। প্রকাশ্যে মন্তব্য বা জল্পনায় অংশ নেওয়াকে তিনি প্রয়োজনীয় মনে করেননি। বর্তমানে তাঁর সম্পূর্ণ মনোযোগ কাজ এবং আগাম প্রতিশ্রুতিগুলির দিকেই রয়েছে।”
প্রসঙ্গত, বিতর্কের সূত্রপাত হয় যখন খবর প্রকাশ্যে আসে যে, রণবীর সিং নাকি ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিনেতা ও নির্মাতাদের মধ্যে সৃজনশীল মতপার্থক্যের জেরেই এই সিদ্ধান্ত। শোনা যাচ্ছে, ছবির প্রস্তুতি অনেকটাই এগিয়ে গিয়েছিল। সেই অবস্থায় রণবীরের প্রকল্প ছেড়ে দেওয়ায় প্রযোজকদের বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
এর পরই এক্সেল এন্টারটেইনমেন্ট অভিনেতার কাছে ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে বলে জানা যায়। তারপর থেকেই বিতর্ক আরও তীব্র আকার নেয় এবং বিষয়টিতে হস্তক্ষেপ করে এফডব্লিউআইসিই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য