
নয়ডা, ২৬ মে (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগর জেলায় ধারালো অস্ত্রের হামলায় এক যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার গভীর রাতে তিন ব্যক্তি এক যুবকের উপর ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম দিলশাদ। সোমবার রাতে তিনি সেক্টর ৬৩ এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত আমন, অংশু এবং আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। হামলায় গুরুতর জখম হন দিলশাদ।স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
সেক্টর ৬৩ থানার পুলিশ জানিয়েছে, মৃতের ভাই ইরশাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আমন, অংশু এবং এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস