
পূর্ব বর্ধমান, ২৬ মে (হি. স.):ধর্ষণ ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য সনৎ মণ্ডল। তিনি বর্ধমান ২ নম্বর ব্লকের গোবিন্দপুর এলাকার বাসিন্দা। বুধবার তাঁকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সনৎ মণ্ডলের বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শক্তিগড় থানার পুলিশ। তদন্তে প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।বুধবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও অভিযুক্তের তরফে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। জেলা পরিষদের এক সদস্যের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই চাপের মুখে পড়েছে স্থানীয় রাজনৈতিক মহল।পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগকারিণীর বয়ান ও অন্যান্য তথ্য সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়