
হাফলং (অসম), ২৭ মে (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ আধিকারিক না থাকায় সৃষ্ট প্রশাসনিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার হস্তক্ষেপ চাইলেন প্রাক্তন বিধায়ক ও পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য সমরজিৎ হাফলংবার।
এক বিবৃতিতে সমরজিৎ জানান, ডিমা হাসাও জেলার শিক্ষা বিভাগ দীর্ঘদিন ধরে অতিরিক্ত শিক্ষা পরিচালক (পাহাড়ি), স্কুল পরিদর্শক এবং উপ-স্কুল পরিদর্শকের মতো গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন আধিকারিকের অভাবে কার্যত অচল অবস্থায় রয়েছে। গত দুবছর ধরে অতিরিক্ত শিক্ষা পরিচালক (পাহাড়ি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্কুল পরিদর্শকের কাজ সামলালেও গত ৩১ মার্চ তাঁর অবসর গ্রহণের পর বর্তমানে বিভাগটি কোনও দায়িত্বশীল ঊর্ধ্বতন আধিকারিক ছাড়া পরিচালিত হচ্ছে।
এছাড়াও জেলার প্রাদেশিক ও সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে প্রায় এক দশক ধরে নিয়মিত অধ্যক্ষ নিয়োগ করা হয়নি। অধিকাংশ বিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। যার ফলে শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
শুধু শিক্ষা বিভাগ নয়, পূর্ত বিভাগ, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, সেচ, জলসম্পদ এবং বিভিন্ন ব্লক উন্নয়ন অফিসেও একই ধরনের সংকট বিরাজ করছে। নির্বাহী প্রকৌশলী, ব্লক উন্নয়ন আধিকারিক সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে অথবা নিম্নপদস্থ আধিকারিকদের অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এর ফলে উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে চিঠি তিনি উল্লেখ করেছেন। সরকারি কার্যালয়গুলিতে গুরুত্বপূর্ণ ফাইল মাসের পর মাস নিষ্পত্তিহীন অবস্থায় পড়ে থাকে। এতে জনসাধারণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা পত্রে সমরজিৎ হাফলংবার উল্লেখ করেন, ডিমা হাসাও জেলার বৃহত্তর জনস্বার্থে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনস্থ সকল গুরুত্বপূর্ণ বিভাগে, বিশেষ করে শিক্ষা বিভাগে পূর্ণাঙ্গ ও যোগ্য আধিকারিকদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব