
কলকাতা, ২৭ মে (হি.স.): প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে পরিচালকের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সিনেমা জগৎ সহ বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। এদিন সন্ধ্যায় সমাজমাধ্যমের হাত ধরে অনীক দত্তের পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এই মৃত্যুর রহস্য উদঘাটিত হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রখ্যাত পরিচালক অনীক দত্তের অসময় প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান অমূল্য। তাঁর পরিবার, পরিজন ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।
প্রসঙ্গত, গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক এলাকায় অনীক দত্তের বাড়ি থেকে তাঁর মৃত্যুর খবর পাওয়ার পরই পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে। বাড়ি থেকে পুলিশ একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে। জানা গেছে, ওই নোটে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” পুলিশ এখন এই নোটের সত্যতা ও সমগ্র ঘটনাটি খতিয়ে দেখছে। এই তদন্ত প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে লিখেছেন, আমার পূর্ণ আস্থা রয়েছে যে, কলকাতা পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্ত করবে এবং অনীক দত্তের এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি