রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগে ধর্মনগরের মানুষ
ধর্মনগর (ত্রিপুরা), ২৭ মে (হি.স.) : উত্তর ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ শহর ধর্মনগরের অধিকাংশ রাস্তাঘাট বর্তমানে চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে। ভাঙাচোরা রাস্তা, বড় বড় গর্ত এবং সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে জল জমে যাওয়ায় নিত্যদিন চরম দুর্ভোগের
রাস্তা বেহাল ধর্মনগরে


ধর্মনগর (ত্রিপুরা), ২৭ মে (হি.স.) : উত্তর ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ শহর ধর্মনগরের অধিকাংশ রাস্তাঘাট বর্তমানে চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে। ভাঙাচোরা রাস্তা, বড় বড় গর্ত এবং সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে জল জমে যাওয়ায় নিত্যদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ই-রিকশা চালক থেকে শুরু করে ছোট ও বড় গাড়ির চালক, এমনকি পথচারীরাও প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজবাড়ি ভি-মার্ট শপিং মল থেকে রাজবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় ওই অংশ এখন কার্যত “মৃত্যুফাঁদে” পরিণত হয়েছে। রাস্তার বড় বড় গর্ত বৃষ্টির জলে ঢেকে থাকায় কোথায় কত গভীর খাদ রয়েছে তা বোঝার উপায় থাকে না। ফলে প্রায় প্রতিদিনই ই-রিকশা উল্টে যাওয়া, বাইক পিছলে পড়া কিংবা ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।

শহরের বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সরকারের তরফে উন্নয়নের নানা দাবি করা হলেও বাস্তবে ধর্মনগরের মানুষকে এখনও ভাঙা রাস্তা এবং জলজটের দুর্ভোগ বয়ে বেড়াতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলির এই করুণ অবস্থা সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে।

পথচারীদের বক্তব্য, দিনের বেলাতেই যেখানে চলাচল করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে, সেখানে রাতের অন্ধকারে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। পর্যাপ্ত আলোর অভাব এবং জলমগ্ন গর্তের কারণে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। অভিভাবকদেরও অভিযোগ, স্কুল-কলেজ পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

শুধু সাধারণ মানুষের যাতায়াত নয়, শহরের ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, রাস্তার বেহাল অবস্থার কারণে অনেক ক্রেতাই শহরে আসতে চাইছেন না। ফলে বাজারে ক্রেতার সংখ্যা কমছে এবং ব্যবসায় মন্দা দেখা দিয়েছে।

এদিকে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। কেন দীর্ঘদিন ধরে রাস্তাগুলির সংস্কার করা হচ্ছে না এবং সংশ্লিষ্ট দফতর কেন নীরব ভূমিকা পালন করছে—তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে নাগরিক পরিষেবার এই দুরবস্থা প্রশাসনের উদাসীনতাকেই সামনে এনে দিচ্ছে বলে মত শহরবাসীর।

ধর্মনগরের বাসিন্দাদের দাবি, অবিলম্বে শহরের বেহাল রাস্তাগুলির সংস্কার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করতে হবে। নইলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় প্রশাসনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande