
আগরতলা, ৩ মে (হি.স.) : সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও জোরদার করার লক্ষ্যে ভারত বিকাশ পরিষদের ত্রিপুরা প্রান্তের বার্ষিক অধিবেশন রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। অধিবেশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা সভানেত্রী রুপা দেববর্মা সহ অন্যান্যরা। সভার সূচনায় সংগঠনের গত বছরের কর্মকাণ্ডের পর্যালোচনা তুলে ধরা হয় এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় বক্তারা সংগঠনকে আরও বৃহত্তর জনগণের কাছে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক উদ্যোগকে গ্রামীণ স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার ওপরও জোর দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী টিংকু রায় বলেন, সংগঠনের মূল লক্ষ্য মানবসেবা এবং সমাজের সার্বিক উন্নয়ন। তিনি সংগঠনের দীর্ঘ ৬৪ বছরের পথচলার প্রশংসা করে বলেন, দেশের বিভিন্ন রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তিনি সকলকে রাষ্ট্র নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার ওপর গুরুত্ব দেন।
এদিনের অধিবেশনে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে আগামী দিনে সংগঠনের কার্যপরিসর আরও বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ